ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার সাঁথিয়ায় গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে দুর্বৃত্তদের আগুন, মামলা প্রক্রিয়াধীন

পাবনার সাঁথিয়া উপজেলার মিয়াপুরে গ্রামীণ ব্যাংকের ক্ষেতুপাড়া শাখার সাইনবোর্ডে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। রোববার (২৩ নভেম্বর) রাতের অন্ধকারে এ ঘটনা ঘটে। স্থানীয়দের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে, ফলে বড় ধরনের ক্ষতি হয়নি।

স্থানীয় সূত্র জানায়, দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার ঘটনার ধারাবাহিকতায় সাঁথিয়াতেও একই ধরনের নাশকতা ঘটেছে। দুর্বৃত্তরা সাইনবোর্ডে তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়, এতে সাইনবোর্ডের একটি অংশ পুড়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি সাইনবোর্ডে তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, “গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।”

গ্রামীণ ব্যাংক ক্ষেতুপাড়া শাখার ব্যবস্থাপক সুমি খাতুন জানান, “দুর্বৃত্তরা রাতে ব্যাংকের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দিয়েছিল। তবে সাইনবোর্ড ছাড়া ব্যাংকের অন্য কোনো জিনিসের ক্ষতি হয়নি। গ্রাহকদের মধ্যে আতঙ্কও সৃষ্টি হয়নি।”