রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখার দুটি ভল্ট থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সংরক্ষিত বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) আদালতের অনুমতি নিয়ে ভল্ট দুটি খোলা হয়।
সিআইসি সূত্র জানায়, ৭৫১ ও ৭৫৩ নম্বর ভল্টে মোট ৮৩২ ভরি স্বর্ণালংকার পাওয়া গেছে। বর্তমান বাজারদরে এর মূল্য প্রায় ১৬ কোটি ৬৪ লাখ টাকা। এছাড়া ভল্টে কিছু উপহারসামগ্রীও পাওয়া গেছে, যা রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে ব্যক্তিগতভাবে রাখা হয়েছিল। এ কারণে নতুন মামলা হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে লকার দুটি জব্দ করা হয়েছিল। তবে আইনগত জটিলতার কারণে এতদিন ভল্ট খোলা সম্ভব হয়নি।
একই দিন পূবালী ব্যাংকের একটি শাখায় শেখ হাসিনার নামে থাকা আরেকটি ভল্ট খোলা হলেও সেখানে উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি। তবে ওই ব্যাংকে দুটি হিসাব পাওয়া গেছে—একটিতে ১২ লাখ টাকার এফডিআর এবং অন্যটিতে ৪৪ লাখ টাকা জমা রয়েছে।
সিআইসি কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকৃত স্বর্ণ ও অন্যান্য সামগ্রী রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে এ বিষয়ে নতুন মামলা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তারা।