রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাধারণ পথচারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
তানোর পৌরসভা ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সামনের সড়কে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য শরীফ উদ্দিনকে রাজশাহী-১ আসনে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়নবঞ্চিত সুলতানুল ইসলামের অনুসারীরা এ নিয়ে বিক্ষোভ ও মশালমিছিল বের করলে শরীফ উদ্দিনের অনুসারীরা ইটপাটকেল ছোড়ে। পরে উভয় পক্ষ পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন, কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের একটি মাইক্রোবাস এবং প্রায় ১৮টি অটোরিকশা ভাঙচুর করা হয়।
সুলতানুল ইসলাম অভিযোগ করেন, সাবেক মেয়র মিজানুর রহমানের নির্দেশে তার অনুসারীরা হামলা চালিয়েছে। তবে মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, “বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”