ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত

ঢাকা, বুধবার (২৬ নভেম্বর ২০২৫): আর্থিক সংকটে থাকা পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে কর্মীদের বেতন ও অন্যান্য সুবিধা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংককে একীভূত করে নতুন রাষ্ট্রায়ত্ত ‘সাম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ গঠনের উদ্যোগ চলছে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ৩৫০ কোটি টাকা নতুন তারল্য সহায়তা অনুমোদন করা হয়। তবে বেতন–ভাতা প্রদানের জন্যই এই সহায়তা সীমিত রাখা হয়েছে। প্রশাসকরা জানান, মোট ১,০০০ কোটি টাকা চাওয়া হলেও কেন্দ্রীয় ব্যাংক দুর্বল আর্থিক অবস্থার কারণে সীমিত সহায়তা দিয়েছে এবং কর্মীদের বেতন–সুবিধা কমানোর নির্দেশ দিয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, “ব্যাংকগুলোর আর্থিক অনিয়ম ও তারল্য সংকট বিবেচনায় কর্মীদের বেতন–ভাতা কমানো ছাড়া বিকল্প নেই।” একজন প্রশাসক জানান, প্রায় ১৬ হাজার কর্মীর ওপর এ সিদ্ধান্তের প্রভাব পড়বে।

বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপ কর্মীদের জন্য সরাসরি নেতিবাচক প্রভাব ফেলবে এবং ব্যাংকিং সেক্টরে অস্থিরতা বাড়াতে পারে। বাংলাদেশ ব্যাংকের রেজোলিউশন বিভাগ জানিয়েছে, বেতন–ভাতা কমানোর সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হবে।