ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুজব, উত্তপ্ত পাকিস্তান

ইসলামাবাদ, বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫): পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের কারাগারে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের সঙ্গে তার পরিবারের সাক্ষাৎ বন্ধ থাকায় এবং বোনদের ওপর পুলিশের হামলার ঘটনায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক অ্যাকাউন্ট দাবি করেছে, ইমরান খান কারা হেফাজতে মারা গেছেন। এ খবর ছড়িয়ে পড়ার পর হাজার হাজার পিটিআই নেতাকর্মী আদিয়ালা কারাগারের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। ২০২৩ সাল থেকে সেখানে বন্দি রয়েছেন তিনি। সম্প্রতি সরকার তার সঙ্গে সাক্ষাৎ ও যোগাযোগে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে।

ইমরান খানের বোন নরীন খান অভিযোগ করেন, “আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছি, কোনো বেআইনি কাজ করিনি। তারপরও আমাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে।” তিনি জানান, তাকে চুল ধরে টেনে মাটিতে ফেলে মারধর করেছে পুলিশ। পিটিআই দাবি করেছে, ইমরান খানকে একক কক্ষে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এবং আইনজীবীদের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না।

তবে আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে জানিয়েছে, ইমরান খান সুস্থ আছেন এবং নিয়মিত চিকিৎসা সেবা পাচ্ছেন। তারা বলেন, তার স্বাস্থ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো খবর ‘ভিত্তিহীন’। এদিকে পিটিআই নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।