ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তফসিলের আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

নির্বাচনের নিরাপত্তা কৌশল পর্যালোচনা ও চূড়ান্ত করতেই এ বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ বাহিনী ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

ইসির এক কর্মকর্তা জানান, “নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে একটি সমন্বিত কর্মকৌশল নির্ধারণ করা হবে। ভোটের আগে ও পরে কতদিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে এবং প্রতিটি ভোটকেন্দ্রে কতজন সদস্য নিয়োজিত থাকবে সে বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।”

এর আগে গত ২০ অক্টোবর প্রথম দফা বৈঠকে ভোটের আগে ও পরে মোট আট দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব আসে। এবারের নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ থেকে ১৮ জন সদস্য নিয়োগের বিষয়েও আলোচনা হয়।