শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মোশাররফ হোসেন মাসুদের সমর্থনে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যার পরে শরীয়তপুর পৌরসভার বালুচড়া স্কুলমাঠে শরীয়তপুর পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের জামায়াত প্রার্থী ড. মোশাররফ হোসেন মাসুদ।
শরীয়তপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলার নায়েবে আমির কেএম মকবুল হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোহাম্মদ ফরিদ হোসাইন, বাংলাদেশ ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মো. মজিবুর রহমান খান, শরীয়তপুর পৌরসভা জামায়াতের আমির আব্দুল জব্বার মীর, সেক্রেটারি মিজানুর রহমান পাহাড়, কর্মপরিষদ সদস্য মাওলানা জিয়াউল হক ও মাওলানা কামরুজ্জামান
এছাড়া স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ সমাবেশে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোশাররফ হোসেন মাসুদ বলেন, “আমি ইনসাফ, ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাস করি। শরীয়তপুর-১ আসনের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক নেতৃত্ব থেকে বঞ্চিত। যদি আল্লাহ চায় ও জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে এই এলাকায় ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “এই আসনের জনগণের সমস্যা, বঞ্চনা, নাগরিক সেবা সংকট ও অবহেলাগুলো আমি ভীষণভাবে অনুধাবন করি। আধুনিক যোগাযোগব্যবস্থা, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গঠন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা-স্বাস্থ্য খাতকে উন্নত করাই আমার অঙ্গীকার।”
ড. মাসুদ অভিযোগ করে বলেন, “বিগত সময়ে ক্ষমতাসীনদের অব্যবস্থাপনা, দলীয়করণ এবং ক্ষমতার অপব্যবহারের কারণে সাধারণ মানুষের জীবন-যাপন কঠিন হয়ে পড়েছে। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতেই আমাদের এই নির্বাচনী লড়াই।”
তিনি তরুণদের উদ্দেশে বলেন, “আগামী দিনে দেশের নেতৃত্ব দিতে তরুণদেরই এগিয়ে আসতে হবে। মাদক, বেকারত্ব ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে তরুণ সমাজকেই সোচ্চার হতে হবে।”