ঢাকা, ২৯ নভেম্বর ২০২৫ (শনিবার) — বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা তাঁরও রয়েছে। তবে দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ এককভাবে তাঁর নিয়ন্ত্রণাধীন নয়।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন। তাঁর রোগমুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশবাসী দোয়া অব্যাহত রেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চিকিৎসায় সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
তারেক রহমান বলেন, “এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয়।” তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সবার দোয়া অব্যাহত রাখার অনুরোধ করছি।
রাজনৈতিক বাস্তবতার পরিস্থিতি অনুকূলে এলে দেশে ফেরার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান।