ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি আন্দোলনে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা এবার পুলিশ ক্যাডারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম এবার ৪৫তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। সরকারি কর্ম কমিশন গত বুধবার (২৬ নভেম্বর) চূড়ান্ত ফল প্রকাশ করে।

রাইসুল ইসলামের বাড়ি ময়মনসিংহে। তিনি মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন এবং স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। ২০২৪ সালের জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে গত মার্চে তাকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কারের তালিকায় তার নাম ছিল ৭২ নম্বরে।

ঢাবি প্রশাসনের প্রতিবেদনে বলা হয়েছিল, ১৫ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় রাইসুল সরাসরি অংশ নেন। ভিডিও ফুটেজ ও গণমাধ্যমে প্রকাশিত ছবিতে তার উপস্থিতি ধরা পড়ে। ডাকসুর সহসাধারণ সম্পাদক মহিউদ্দিন খান ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী রাইসুল ইসলাম পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে।”

রাইসুল ইসলামের পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে এবং বিশ্ববিদ্যালয় মহলে এ বিষয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।