রোববার (৩০ নভেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিডিআর হত্যাকাণ্ড তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। প্রতিবেদনে প্রতিবেশী দেশ ভারতের সম্পৃক্ততার দাবি করা হয়েছে।
কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান জানান, তদন্তকাজ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হয়েছে। তার দাবি, হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা এবং তৎকালীন ক্ষমতাসীন দলের ভূমিকার প্রমাণ পাওয়া গেছে।
প্রধান উপদেষ্টা প্রতিবেদনের সময় বলেন, “বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন অন্ধকারে ছিলো। সত্য উদ্ঘাটনে কমিশনের ভূমিকা জাতি স্মরণে রাখবে।” কমিশনের সদস্যরা আরও দাবি করেন, ঘটনাটি পরিকল্পিত ছিল এবং এতে রাজনৈতিক নেতৃত্বের অনুমোদন ছিল।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তৎকালীন সরকার ও নিরাপত্তা সংস্থার ব্যর্থতা এই হত্যাকাণ্ডকে আরও জটিল করেছে। কমিশন ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে স্বচ্ছ তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার সুপারিশ করেছে।