ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে দুই সদস্যর টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৩০ নভেম্বর) এ টিম গঠন করা হয়।
দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমানকে প্রধান করে গঠিত দলে আরও আছেন উপসহকারী পরিচালক সুবিমল চাকমা। সংস্থার একটি ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনুসন্ধানের স্বার্থে দুদক দ্রুতই প্রয়োজনীয় নথিপত্র চেয়ে সরকারি বিভিন্ন দপ্তরে চিঠি দিতে পারে। এছাড়া যে কোনো সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনে অভিযান পরিচালনারও সম্ভাবনা রয়েছে।
এর আগে গত ২৭ নভেম্বর দুদক প্রশাসক এজাজের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। দুদকের পরিচালক ঈশিতা রনি স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়।