ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্লট দুর্নীতির মামলায় হাসিনা-রেহানা-টিউলিপের কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন।

রায়ে শেখ হাসিনাকে ৫ বছর, শেখ রেহানাকে ৭ বছর এবং টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগও আদালতে প্রমাণিত হয়েছে।

দুদকের পাবলিক প্রসিকিউটর মঈনুল হাসান বলেন, সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। আদালত সর্বোচ্চ শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে।

রায় ঘোষণার সময় আদালত এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ ও বিজিবি সদস্যরা আদালতের প্রধান ফটক ও এজলাস এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন। সন্দেহজনদেরও জিজ্ঞাসাবাদ করা হয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়, শেখ রেহানা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেন। চলতি বছরের জানুয়ারিতে দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন মামলাটি দায়ের করেন। পরে তদন্ত শেষে আরও দুইজনকে যুক্ত করে মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা, রাজউকের সাবেক পরিচালক ও সদস্যরা, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

গত জুলাইয়ে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এ মামলায় ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।