নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হননি। তবে আবেদন করলে এবং কমিশন চাইলে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এবং প্রার্থীও হতে পারবেন।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব এ কথা বলেন। সাংবাদিকরা জানতে চান, তারেক রহমান ভোটার হয়েছেন কি না। উত্তরে তিনি বলেন, “আমার জানা মতে না।”
এরপর প্রশ্ন আসে, তিনি নির্বাচন করতে পারবেন কিনা। সচিব বলেন, “পারতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।”
কমিশন কীসের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে—এমন প্রশ্নে তিনি বলেন, “আইনে আছে।” সুনির্দিষ্ট আইন জানতে চাইলে তিনি বলেন, “আপনারা ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন, আমার মুখস্ত নেই।”