ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করতে চান রেজা কিবরিয়া

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যুক্ত হন।

রেজা কিবরিয়া ঘোষণা দেন, তিনি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রার্থী হতে চান। বিএনপি ইতিমধ্যে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, তবে হবিগঞ্জ-১ আসনটি ফাঁকা রাখা হয়েছে।

যোগদান অনুষ্ঠানে রেজা কিবরিয়া বলেন, বিএনপিতে যোগ দিতে পেরে তিনি গর্বিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তিনি নিজের রাজনৈতিক আদর্শ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিএনপি দেশের গণতন্ত্র দুবার রক্ষা করেছে এবং বর্তমান নেতৃত্ব তরুণদের স্বপ্ন পূরণে সক্ষম। তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের মানুষের কাজের মান উন্নত। দক্ষতা বাড়াতে কাজ করলে দেশ এগিয়ে যাবে। নিজের এলাকার পাশাপাশি দেশের জন্যও কাজ করতে চান তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রেজা কিবরিয়ার যোগদান দলের জন্য গর্বের বিষয়। তিনি খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান এবং বলেন, বিএনপির ৩১ দফার আলোকে রেজা কিবরিয়া দেশের গঠনে ভূমিকা রাখতে পারবেন।

উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর আগে তিনি গণফোরামে যোগ দিয়ে সাধারণ সম্পাদক হন, পরে দল বিভক্ত হয়। পরবর্তীতে তিনি নুরুল হক নুরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠন করেন, যেখানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।