দীর্ঘ ১৪ বছর পর নিজ নির্বাচনী এলাকায় ফিরেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দেখালেন রাজনীতির এক বিরল মানবিক দৃশ্য। মঙ্গলবার রাতে তিনি সরাসরি প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানিয়েছেন।
চকরিয়ার হারবাং কালা সিকদারপাড়ায় পৌঁছানোর পর সালাহউদ্দিন নিজেই গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে যান। সেখানে তিনি আব্দুল্লাহ আল ফারুক ও পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সদ্যপ্রয়াত নুরুল কবিরের রুহের মাগফিরাত কামনা করেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী সাবেক এমপি হাসিনা আহমদ ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকসহ দলের নেতারা।
এর একদিন আগে সোমবার দুপুরে আব্দুল্লাহ আল ফারুকের বাবা নুরুল কবির মারা যান। খবর পাওয়ার পরপরই সালাহউদ্দিন বিবৃতি দিয়ে শোক প্রকাশ করেছিলেন। তবে সরাসরি বাড়িতে গিয়ে সমবেদনা জানানোর ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে একসময় প্রতিপক্ষের মুখ দেখাদেখি বিরল ছিল, সেখানে এই সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক উদারতা ও সহমর্মিতার নতুন মানদণ্ড তৈরি করল।
এদিন সকালেই ঢাকা থেকে বিমানে কক্সবাজার এসে খুটাখালীতে পীর সাহেবের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন সালাহউদ্দিন। দিনভর ধানের শীষের পক্ষে গণসংযোগের পর রাতে এই মানবিক সফর এলাকাবাসীর মনে গভীর ছাপ ফেলেছে।