ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাত মাস হিমাগারে পড়ে থাকার পর শরীয়তপুরে ভারতীয় নাগরিকের মরদেহ সৎকার

দীর্ঘ সাত মাস সদর হাসপাতালের হিমাগারে পড়ে থাকার পর ভারতের দিল্লির বাসিন্দা রাজন (৬৩) নামের এক নাগরিকের মরদেহ বুধবার সকালে সৎকার করা হয়েছে।

মনোহরবাজার শ্মশানঘাটে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই সৎকার সম্পন্ন হয়।

২০২২ সালের ২৫ আগস্ট জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে অনুপ্রবেশের দায়ে রাজনকে আটক করা হয়। পরবর্তীতে আদালত তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। সাজা শেষেও আরপি বন্দি হিসেবে কারাগারে ছিলেন তিনি।

গত ১৮ মে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে সদর হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে মরদেহ হিমাগারে রাখা হয়।

জেল সুপার বজলুর রশিদ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ ও দুই দেশের উচ্চপর্যায়ের আলোচনার পর মরদেহ সৎকারের সিদ্ধান্ত হয়। বুধবার সকালে আনুষ্ঠানিকতা শেষে দাহ করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে।