ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্তে এনডিসির জ্ঞান কাজে লাগানোর আহ্বান প্রধান উপদেষ্টার

জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উন্নয়ন পরিকল্পনায় ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) সদস্যদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার মিরপুর সেনানিবাসে এনডিসি ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের কৌশলগত অবস্থান এখন দেশের জন্য বিরাট সুযোগের সৃষ্টি করেছে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে এনডিসি উৎকর্ষের কেন্দ্র হিসেবে কাজ করছে। তিনি দেশের নিরাপত্তা রক্ষা ও বিভিন্ন দুর্যোগে সশস্ত্র বাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

তিনি কোর্স সম্পন্নকারী সদস্যদের উদ্দেশে বলেন, “এনডিসিতে বছরজুড়ে নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরী ভূমিকা রাখবে।” তিনি তাদের প্রতি উদাত্ত আহ্বান জানান, বাংলাদেশের যুগোপযোগী উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় তারা যেন তাদের অর্জিত প্রজ্ঞা সর্বোত্তমভাবে প্রয়োগ করেন।

রাজনৈতিক প্রসঙ্গ টেনে ড. ইউনূস জানান, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোট অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। এছাড়া তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

এ বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৫-এ মোট ৯৬ জন সদস্য অংশ নেন। এর মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন ৪৯ জন, অসামরিক প্রশাসনের ১৮ জন এবং ১৮টি ভ্রাতৃপ্রতিম দেশের ২৯ জন সদস্য। পাশাপাশি বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর ৫৬ জন কর্মকর্তা সফলভাবে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৫ সম্পন্ন করেন।