উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে পাঠানোর প্রস্তুতিতে পরিবর্তন এসেছে। গতকাল শুক্রবারের (৫ ডিসেম্বর) ঘোষণা অনুযায়ী ৭ ডিসেম্বরের সম্ভাব্য যাত্রা পিছিয়ে এখন ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সের সময়সূচি পরিবর্তন হওয়ায় এবং তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে, শারীরিক পরিস্থিতি বিবেচনায় যাত্রার সময় দুদিন পিছিয়ে ৯ ডিসেম্বর করা হয়েছে। তবে এই যাত্রার বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের চূড়ান্ত মতামতের ওপর। তাঁর সর্বশেষ শারীরিক অবস্থার উন্নতি বা অবনতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
এদিকে, নতুন করে কাতারের ব্যবস্থাপনায় যে এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়ার প্রক্রিয়া চলছে, সেটিরও সময়সূচি পুনর্নির্ধারিত হয়েছে। পূর্বে ৬ ডিসেম্বর ঢাকায় আসার কথা থাকলেও, নতুন সূচিতে সেটি ১০ ডিসেম্বর দেশে পৌঁছাবে বলে জানানো হয়েছে।
প্রথমে কাতারের আমিরের পক্ষ থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর পরিকল্পনা থাকলেও, কারিগরি ত্রুটির কারণে সেটি সম্ভব হয়নি। বিকল্প হিসেবে কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে পাঠানোর ব্যবস্থা করছে। এই তথ্য নিশ্চিত করেছে ঢাকায় কাতার দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
জার্মানির এফএআই রেন্ট-এ-জেট নামক প্রতিষ্ঠানের মাধ্যমে বিমানটি ভাড়া করা হচ্ছে এবং এটি জর্জিয়ার রাজধানী তিবিলিসি থেকে যাত্রা করবে। নতুন সূচি অনুযায়ী, বিমানটি ঢাকায় অবতরণ করবে ১০ ডিসেম্বর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, কাতারের আমিরের নির্দেশেই এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠানো হচ্ছে। যাত্রার চূড়ান্ত সময় চিকিৎসক ও বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করে নিশ্চিত করা হবে। কূটনীতি সংশ্লিষ্ট সূত্রমতে, এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রীর সংখ্যা সীমিত থাকবে। বিএনপি প্রথমে ১৮ জনের তালিকা দিলেও, অগ্রাধিকার ভিত্তিতে কয়েকজনই যাবেন; বাকিরা বাণিজ্যিক ফ্লাইটে যেতে পারেন।
বর্তমানে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকেরা তাঁকে সুস্থ করে তোলার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা উপযুক্ত হলে এবং মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কেবল তাঁকে লন্ডনে নিয়ে যাওয়া হবে।
শ্বাসকষ্ট দেখা দেওয়ায় গত ২৩ নভেম্বর রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর আরোগ্য কামনায় গতকাল (৫ ডিসেম্বর) সারা দেশে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করেছিল বিএনপি। অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়েও প্রার্থনার আহ্বান জানানো হয়।