ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে ভূমি দস্যুদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষার অভিযোগ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মানাখান গ্রামে ভূমি দস্যুদের হুমকির বিরুদ্ধে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছে। রোববার সকালে শরীয়তপুর সাংবাদিক অফিসে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে রিক্সা চালক আবু তাহের দেওয়ান ও তার পরিবার দখল ও অত্যাচারের অভিযোগ তুলে ধরেন।

ভুক্তভোগীরা জানায়, মৃত ফটিক খন্দকারের ছেলে সেলিম খন্দকার ওরফে তারা মিয়া এবং বারেক খন্দকারসহ তাদের পরিবার গত তিন বছর ধরে এলাকার নালিশী জমি দখল ও অবৈধ নির্মাণ কার্যক্রম চালাচ্ছে। তাদের মধ্যে সাতজন ইউরোপে থাকায় অর্থ ও প্রভাবের কারণে তারা দখল-অত্যাচারে আরও শক্তিশালী হয়েছে।

আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও দখলদাররা নিয়ম অমান্য করে নির্ধারিত ছুটির দিন জমিতে কাজ শুরু করে। ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে, বাধা দেওয়ার কারণে দখলদাররা প্রকাশ্যে তাদের হত্যার হুমকি দিয়েছে। খাদিজা খাতুন বলেন, “দখলদাররা আমাকে রাস্তায় ধরার চেষ্টা করেছে, অশ্লীল ভাষা ব্যবহার করেছে এবং অপহরণের হুমকি দিয়েছে। আমার জীবন নিরাপদ নয়।”

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আক্তারুজ্জামান জানান, আদালতে মামলাসহ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়েছে। আদালত সন্তুষ্ট হয়ে দখলদারদের জমিতে কোন নির্মাণ কার্যক্রম চালানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।

নড়িয়া থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান বলেন, “আদালতের নিষেধাজ্ঞার নোটিশ পাওয়ার পর একজন অফিসারকে দায়িত্ব দিয়ে নালিশী ভূমিতে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে শান্তি-শৃঙ্খলা বজায় রয়েছে।”

ভুক্তভোগী পরিবার আশা প্রকাশ করেছে, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা নিশ্চিত করবেন এবং ভূমি দস্যুদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবেন।