বিগত আওয়ামী লীগ সরকারের আমলে (২০০৯-২০২৪) সংঘটিত গুমের ঘটনাগুলোর ‘সরাসরি নির্দেশ’ দিতেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা তারিক সিদ্দিকী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে এমন মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
গুমের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনাসহ মোট ১৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানিয়ে শুনানির সময় গত রোববার (৭ ডিসেম্বর) তিনি ট্রাইব্যুনালে এসব কথা বলেন। অভিযুক্তদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি’ হিসেবে উল্লেখ করে প্রসিকিউশন।
আদালতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মোট পাঁচটি অভিযোগ এনে ১৩ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন করেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি অনুষ্ঠিত হয়। এই মামলায় ‘জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি)’ বা ‘আয়নাঘরে’ গুম ও নির্যাতনের ঘটনাকে মূল ভিত্তি হিসেবে আনা হয়েছে।
শুনানিতে প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জোর দিয়ে বলেন, “গুমের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা। এ ছাড়াও গুমের নির্দেশ দিতেন শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।” তদন্ত প্রতিবেদন ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তিনি উল্লেখ করেন, সামরিক ও নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদের মাধ্যমে শেখ হাসিনা তার নিয়ন্ত্রণাধীন ডিজিএফআইয়ের কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে এই কার্যক্রম পরিচালনা করতেন। তারিক আহমেদ সিদ্দিকীর নির্দেশ কার্যকর করতেন ডিজিএফআইয়ের ডিজি এবং সিটিআইবি-এর পরিচালকরা।
জেআইসি সেলে সরকারবিরোধী ঘরানার লোকদের তুলে নিয়ে গুম-নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরেন চিফ প্রসিকিউটর। তিনি ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুম হওয়া ২৬ জনের বীভৎসতার বিবরণ দেন। তাদের অস্বাস্থ্যকর, স্যাঁতস্যাঁতে ও আলোহীন কক্ষে রাখা হতো এবং চালানো হতো অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন।
এই মামলায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকী ছাড়াও পলাতক আছেন ডিজিএফআইয়ের সাবেক চারজন মহাপরিচালকসহ মোট ১০ আসামি। অন্যদিকে, এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেপ্তার হওয়া তিন সেনা কর্মকর্তাকে। এরা হলেন—মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। স্টেট ডিফেন্স এবং গ্রেপ্তার তিন আসামির আইনজীবীর সময় আবেদনের প্রেক্ষিতে আদালত আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিন ধার্য করেছেন।
গুমের শিকার হওয়া ব্যক্তিদের বর্ণনা অনুযায়ী, তাদের ওপর চালানো নির্যাতনের ভয়ংকর বিবরণ আজ ট্রাইব্যুনালে উত্থাপন হলো। গোপন বন্দিশালায় দীর্ঘকাল বন্দি থাকা ভুক্তভোগী পরিবারগুলো এখন এই মামলার চূড়ান্ত নিষ্পত্তির দিকে তাকিয়ে আছে।