জাপানের যুদ্ধবিমান লক্ষ্য করে চীনা যুদ্ধবিমানের ফায়ার কন্ট্রোল রেডার তাক করার (রেডার লক) গুরুতর অভিযোগের জেরে বেইজিংয়ের রাষ্ট্রদূতকে তলব করেছে টোকিও। জাপানের পক্ষ থেকে এই ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ ও বিপজ্জনক সামরিক উসকানি হিসেবে বর্ণনা করা হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) চীনা রাষ্ট্রদূত উও জিয়াংহাওকে তলব করে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওকিনাওয়ার মূল দ্বীপের দক্ষিণ-পূর্ব আন্তর্জাতিক জলসীমায় চীনের জে-১৫ যুদ্ধবিমানগুলোর বিরুদ্ধে বিপজ্জনক কার্যকলাপের প্রতিবাদে এই কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হলো। সামরিক পরিভাষায়, ‘রেডার লক’ হলো সম্ভাব্য হামলা বা হুমকির সংকেতবাহী সামরিক বার্তা, যেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা যুদ্ধবিমানের রেডার স্বয়ংক্রিয়ভাবে একটি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে ও নিশানা করে। জাপানের দাবি, কার্যত এটিই ছিল তাদের ওপর চীনের প্রথম হামলা-পূর্ববর্তী আগ্রাসী মনোভাবের প্রকাশ। যদিও চীন এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।
এই গুরুতর সামরিক উসকানির প্রেক্ষাপটে জাপান সরকার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। দেশটির জ্যেষ্ঠ সামরিক মুখপাত্র মিনোরু কিহারা জানিয়েছেন, জাপান শান্ত কিন্তু দৃঢ় অবস্থানে থাকবে এবং দেশের জলপথ ও আকাশপথে নজরদারি জোরদার করা হবে। চীনের সামরিক কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য সব ধরনের সম্ভাব্য পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
চীন-জাপান বর্তমান উত্তেজনার দৃশ্যপট তৈরি হয়েছে গত ৭ নভেম্বর। ওইদিন জাপানের একজন জ্যেষ্ঠ মন্ত্রী পার্লামেন্টে বলেছিলেন, চীন তাইওয়ান দখল করতে উদ্যোগী হলে জাপান চুপ করে বসে থাকবে না এবং প্রয়োজনে তাইওয়ানকে সামরিক সাহায্য করা হবে। এই মন্তব্যের পরই চীন সরাসরি সামরিক আগ্রাসনের হুঁশিয়ারি দেয়। চীনা প্রতিরক্ষা দপ্তর ঘোষণা করেছিল, তাইওয়ান নিয়ে নাক গলানো বন্ধ না করলে ‘ধ্বংসাত্মক সামরিক পদক্ষেপের’ মুখে পড়বে জাপান।
উত্তেজনা প্রশমনে বদলে তা আরও মারাত্মক কূটনৈতিক বিরোধে রূপ নিয়েছে। চীনও জাপানের রাষ্ট্রদূতকে তলব করেছে, জাতিসংঘে অভিযোগ জানিয়েছে এবং চীনা নাগরিকদের জাপান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে জাপানি সামুদ্রিক খাদ্য আমদানিতেও নিষেধাজ্ঞা জারি করেছে বেইজিং। চীনের হুমকি ঠেকাতে এরই মধ্যে তাইওয়ান উপকূল থেকে কিছুটা দূরে অবস্থিত ইয়োনাগুনি দ্বীপে ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান মোতায়েনের প্রস্তুতি শুরু করেছে জাপান।