আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই ধাপে দলটির পক্ষ থেকে মোট ১২৫টি সংসদীয় আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে।
দলটির সদস্য সচিব আখতার হোসেন আজ বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের এই তালিকা প্রকাশ করেন। এনসিপি’র পক্ষ থেকে এই তালিকা প্রকাশ নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ সংকেত বহন করছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের চূড়ান্ত অনুমোদনের পরই এই ১২৫ প্রার্থীর নাম ঘোষণা করা হলো। এই প্রার্থীরা দ্রুতই তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রাথমিক সাংগঠনিক কার্যক্রম শুরু করবেন।
এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, তাঁদের দল একটি শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী। জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দেশের গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকাগুলোতে তাঁরা অভিজ্ঞ ও তরুণ মুখের মিশ্রণে এই তালিকা তৈরি করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জাতীয় নির্বাচনে এনসিপি’র এই ব্যাপক প্রস্তুতি বিরোধী দলগুলোর কৌশল ও প্রধান দলগুলোর আসন বণ্টন প্রক্রিয়ার ওপর পরোক্ষ প্রভাব ফেলতে পারে। এনসিপি এই ঘোষণার মাধ্যমে ভোটের মাঠে নিজেদের অবস্থান সুসংহত করার বার্তা দিল।