একটি ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগের পূর্ণ প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত হলো। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করেন। এই উদ্বোধনের ফলে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণভাবে পৃথক হলো।
সচিবালয় প্রতিষ্ঠার ভিত্তি হলো ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’, যা গত ৩০ নভেম্বর রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা হয়। এর মাধ্যমে বিচার বিভাগের দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণের দাবি পূরণ হলো।
অনুষ্ঠানে আইন অঙ্গনের শীর্ষ ব্যক্তিরা ছাড়াও আন্তর্জাতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিরা, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা এবং কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এই উদ্যোগের সূচনা হয়েছিল প্রধান বিচারপতির হাত ধরে। ২০২৪ সালের ২৭ অক্টোবর সুপ্রিম কোর্ট থেকে আইন মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়। সেখানে সংবিধানের ১০৯ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের যথাযথ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয়।
প্রস্তাবে সচিবালয়ের অর্গানোগ্রাম, রুলস অব বিজনেস এবং এলোকেশন অব বিজনেস সংস্কারের বিষয়গুলোও অন্তর্ভুক্ত ছিল। এর আগে ২০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সচিবালয় প্রতিষ্ঠার খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়।