• ক্রস বর্ডারে ১,৮৯৪টি এয়ার টিকিট বিক্রি
• ১৬ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ
• তদন্তে বিমান মন্ত্রণালয়
দেশে নানা উদ্যোগ গ্রহণের পরও এয়ার টিকিট বিক্রিতে অনিয়ম থামছে না। নতুন করে উঠে এসেছে অভিনব কায়দায় বিদেশে অর্থ পাচারের অভিযোগ। সায়মন ওভারসীজ লিমিটেড নামের একটি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ক্রস বর্ডারে এয়ার টিকিট বিক্রি করে বিপুল অঙ্কের টাকা বিদেশে পাচারের অভিযোগের পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রায় ১৬ কোটি টাকা বিদেশে পাচারের তথ্য মন্ত্রণালয়ের হাতে এসেছে।
বিমান মন্ত্রণালয় ও ট্রাভেল এজেন্ট সংশ্লিষ্ট সূত্র জানায়, সায়মন ওভারসীজ ঢাকায় নিজেদের নামে নিবন্ধিত গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম (জিডিএস) আইডি বিদেশের বিভিন্ন ট্রাভেল এজেন্টের কাছে ব্যবহারের জন্য সরবরাহ করেছিল। এসব বিদেশি এজেন্ট ওই আইডি ব্যবহার করে টিকিট বিক্রি করেছে। কিন্তু এই বিক্রির অর্থ বৈধ পথে দেশে ফেরত আসেনি। অভিযোগ উঠেছে, এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি অবৈধ অর্থ পাচারের সঙ্গে জড়িত।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সায়মন ওভারসীজ লিমিটেডকে ক্রস বর্ডার টিকিট বিক্রির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে চিঠি পাঠানো হয়েছে। গত সোমবার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আসফিয়া জান্নাত সালেহর কাছে পাঠানো চিঠিতে তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ৪ জানুয়ারি থেকে ২০২৪ সালের ২১ আগস্ট পর্যন্ত সায়মন ওভারসীজ বাংলাদেশের ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)–এর জিডিএস আইডি ব্যবহার করে মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে স্থানীয় ট্রাভেল এজেন্টের মাধ্যমে মোট ১,৮৯৪টি এয়ার টিকিট বিক্রি করেছে। এসব টিকিটের আনুমানিক মূল্য ১৬ কোটি টাকা। যাত্রীরা বিদেশেই টিকিটের মূল্য পরিশোধ করলেও সেই অর্থ বাংলাদেশে ফেরত আসেনি বলে অভিযোগ পাওয়া গেছে।
ট্রাভেল এজেন্সি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, জিডিএস আইডি বাংলাদেশ থেকেই পরিচালনা করতে হয় এবং এই আইডি ব্যবহার করে বিক্রি হওয়া টিকিটের অর্থ আইএটিএ’র মাধ্যমে সংশ্লিষ্ট এয়ারলাইন্সে পরিশোধ হয়। এভাবে রেমিট্যান্স বৈধভাবে দেশে আসে। কিন্তু সায়মন ওভারসীজ তাদের আইডি বিদেশি এজেন্টের হাতে দিয়ে বিদেশে টিকিট বিক্রির সুযোগ তৈরি করে। ফলে সেই অর্থ আর দেশে ফেরত আসছে না, যা সরাসরি অর্থ পাচারের পদ্ধতি বলে তারা দাবি করেন।
তদন্তসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আসফিয়া জান্নাত সালেহ ছিলেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর মহাসচিব। তাঁর পদমর্যাদা ব্যবহার করে তিনি ট্রাভেল খাতে বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গত আগস্টে আটাবের সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর মন্ত্রণালয় পুরো কমিটি বাতিল করে দেয়। এরপর থেকেই আসফিয়া ও সায়মন ওভারসীজের বিরুদ্ধে টিকিট বিক্রি সংক্রান্ত অনিয়ম ও অর্থ পাচারের একাধিক অভিযোগ সামনে আসতে থাকে।