অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, পতিত স্বৈরাচার যতোই চেষ্টা করুন না কেন সরকার অংশগ্রহণমূলক, আনন্দমুখর ও প্রতিদ্বন্দিতামূলক নির্বাচন জাতিকে উপহার দেবে। পৃথিবীর কোনো শক্তি নেই যে এই নির্বাচনকে বাধাগ্রস্ত বা প্রতিহত করতে পারে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পতিত হাসিনা সরকার সাড়ে ১৫ বছর দেশের মানুষ একটা ভালো নির্বাচন পায়নি। দেশের মানুষ একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে। সরকার ও নির্বাচন কমিশনের মূল লক্ষ্য হচ্ছে জাতিকে একটি ফ্রি, ফেয়ার, পিসফুল ও ক্রেডিবল নির্বাচন উপহার দেওয়া। তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশ এখন সেদিকে ধাবিত হয়েছে। মাঠে, ঘাটে, বাজারে ও আনাচে–কানাচে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। এতেই প্রমাণ হয় দেশের জনগণও এখন উৎসবমুখর নির্বাচনমুখী।
এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুম, সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস, সুরেশ্বর দরবার শরীফের পীর সাহেব শাহ নূরে পারভেজ আল নূরী ও সৈয়দ তৌহিদুল হোসাইন শাহীন নূরী আল সুরেশ্বরী।
শফিকুল আলম আজ শুক্রবার সকাল ৬টায় ঢাকা থেকে শরীয়তপুর সফরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে সকাল ৯টায় নড়িয়ার পানি ভবনে উপস্থিত হয়ে সাময়িক বিশ্রাম শেষে সুরেশ্বর দরবার পরিদর্শন করেন বেলা ১১টায়। তিনি বিকেল ৩টায় শরীয়তপুরের জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ শেষে বিকেল ৫টায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবেন।