আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সহিংসতা চরমে পৌঁছেছে। একটি মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীকে প্রকাশ্য দিবালোকে গুলি করেছে। গুরুতর অবস্থায় বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন।
পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণার সময় বিজয়নগরের বক্স কালভার্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ–পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেন, ‘ঠিক ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “হাদির মতো আমাদের জীবনেরও শঙ্কা রয়েছে, আমাদেরকেও মেরে ফেলা হতে পারে, তবে আমরা জীবন দিয়ে লড়াই করে যেতে চাই।”
জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজি নিশ্চিত করেন, গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদীকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে তদন্ত কাজ চালাচ্ছে।