ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে টিউলিপ হসপিটালের ১ম বর্ষপূর্তি উপলক্ষে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শরীয়তপুরে টিউলিপ হসপিটালের ১ম বর্ষপূর্তি উপলক্ষে পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে টিউলিপ হসপিটালের উদ্যোগে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পালং তুলাশার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়—এই দুই কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

জেলার প্রায় ২০০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১,৪৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে মেধা তালিকায় শীর্ষ একশত শিক্ষার্থীকে প্রদান করা হবে মেধাবৃত্তি।

পরীক্ষা কেন্দ্রগুলোতে সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নিতে কেন্দ্রগুলোতে অভিভাবকদের জন্য আলাদা বসার ব্যবস্থাও রাখা হয়।

অভিভাবক ও শিক্ষকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের মেধা যাচাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরীক্ষায় অংশ নিতে পেরে শিক্ষার্থীরাও নিজেদের আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে।

টিউলিপ হসপিটাল কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের আগ্রহ ও প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধি করতেই এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।