ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির ওপর হামলা: রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান, প্রার্থীর নিরাপত্তা বাড়াল পুলিশ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় শুক্রবার রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান শুরু করেছে পুলিশ। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম এই কঠোর পদক্ষেপের কথা জানিয়েছেন।

হামলাকারীদের দ্রুত গ্রেফতার নিশ্চিত করতে তিনি কঠোর নির্দেশ দেন। আইজিপি বলেন, হামলাকারীরা যাতে কোনোভাবেই দেশ ছাড়তে না পারে, তা নিশ্চিত করতে সীমান্তেও নজরদারি বাড়ানো হয়েছে।

আইজিপি মো. বাহারুল আলম মনে করেন, এই হামলা নির্বাচনের ওপর ‘নেতিবাচক প্রভাব’ সৃষ্টি করতে চেয়েছে। তিনি জানান, এই ঘটনার তদন্ত দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করা হবে এবং নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সব প্রার্থী বা সম্ভাব্য প্রার্থীর বাড়তি নিরাপত্তা দেওয়া হবে।

জুলাই গণঅভ্যুত্থানের পর গড়ে ওঠা ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র হাদি সরকারি দুর্বলতা, সাংবিধানিক ঘাটতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ হিসেবে পরিচিত।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান হাদি। বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে (লাইফ সাপোর্ট) চিকিৎসাধীন।