ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন; বিচারের দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলি হামলার ঘটনায় শুক্রবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে শরীয়তপুরের রাজপথ। এই হামলার প্রতিবাদে ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও মশাল মিছিল করে। একপর্যায়ে শরীয়তপুর-ঢাকা সড়ক অবরোধ করে রাখা হয় প্রায় ৩০ মিনিট।

গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের কারণে শহরের চৌরঙ্গীর মোড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। বিক্ষোভকারীরা এই হামলার দ্রুত বিচার ও নেপথ্যের মূল হোতাদের গ্রেপ্তারের দাবি জানায়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি বৃহস্পতিবার নির্বাচন তফসিল ঘোষণার পরপরই রাজধানীর পল্টন/বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে মারাত্মকভাবে আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) নেওয়া হয়। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। চিকিৎসকরা তার অবস্থাকে ‘অত্যন্ত সংকটাপন্ন’ বলে জানিয়েছেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ভোটের আগে এমন নজিরবিহীন হামলা অন্তর্বর্তী সরকারের শাসনতান্ত্রিক ব্যর্থতা স্পষ্ট করে দিয়েছে। তাদের দাবি, হামলাটি সুপরিকল্পিত। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোনো ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসবে।

শুক্রবার রাত ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীর মোড়ে গিয়ে শেষ হয়। এনসিপি শরীয়তপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোক্তার হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক ইমরান আল নাজির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখ সংগঠক আমিন মোহাম্মদ জিতু এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক কাওসার মৃধাসহ অন্যরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।