জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে। শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
উপদেষ্টা বলেন, জুলাইয়ে যে রাজনৈতিক পরিবর্তন এসেছিল, তার পেছনের মূল শক্তি অর্থাৎ সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সে লক্ষ্যে দ্রুতই তাদের জন্য বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে।
একই বৈঠকে ফ্যাসিস্ট ও টেরোরিস্টদের দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। লুট হওয়া এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে চলমান অভিযানকে আরও বেগবান করার জন্য অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ টু’ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান আরও জোরদার করা হবে। অস্ত্রধারীদের বিরুদ্ধে সরকার কোনো প্রকার ছাড় দেবে না।