আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র থেমে নেই এবং নির্বাচন অত সহজ হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দলের উদ্যোগে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।
ধারাবাহিক এই কর্মশালার সপ্তম দিনে বিএনপির মাঠ পর্যায়ের নেতারা অংশ নেন। তারেক রহমান বলেন, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে দলের প্রার্থীর ওপর গুলিবর্ষণ এবং গত কয়েকদিনের অন্যান্য ঘটনা প্রমাণ করছে যে, তার পূর্বের আশঙ্কাগুলোই সত্যি হতে চলেছে।
তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে আনা না হয় এবং ঐক্যবদ্ধ হওয়া না যায়, তবে এই দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। তবে তিনি মনে করেন, এই দেশ যতবার ধ্বংসের মুখে গিয়েছে, প্রত্যেকবার বিএনপিই শহীদ জিয়া বা দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশকে সেই খাদের কিনারা থেকে বের করে এনেছে।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী এই ষড়যন্ত্র আরও খারাপ রূপ নিতে পারে। তিনি সবাইকে ভয় না পেয়ে বা আতঙ্কগ্রস্ত না হয়ে দেশের সাধারণ গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ করার এবং সাহস দেওয়ার আহ্বান জানান।
তিনি দাবি করেন, আমরা যত ঐক্যবদ্ধ হব এবং সামনে এগিয়ে আসব, যেকোনো মূল্যে নির্বাচন হবে এবং ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে। ষড়যন্ত্রকারীদের পিছু হটানোর ক্ষমতা ও শক্তি একমাত্র বিএনপিরই আছে। তিনি দলীয় নেতাদের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে ফায়দা লোটার প্রচেষ্টার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।