ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন বন্ধ করাই লক্ষ্য, আন্দোলন সহিংস হতে পারে—ভারতীয় গণমাধ্যমে সজীব ওয়াজেদ জয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত, ঠিক সেই সময়েই আওয়ামী লীগের সভাপতির পুত্র সজীব ওয়াজেদ জয় ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যমকে বিস্ফোরক মন্তব্য করেছেন। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন যে, নির্বাচন বন্ধ করাই তাঁদের আন্দোলনের প্রধান লক্ষ্য।

তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের যে প্রতিবাদ কর্মসূচি, তা রাজধানী ঢাকাকে কেন্দ্র করে সহিংসতায় রূপ নিতে পারে। সজীব ওয়াজেদ জয় বলেন, “এই মুহূর্তে আমাদের লক্ষ্য হলো নির্বাচন বন্ধ করা। আওয়ামী লীগ নির্বাচন বন্ধ করতে প্রতিবাদ করবে এবং সেটি ঢাকায় সহিংসতায় রূপ নেবে।”

একজন প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্যের এমন প্রকাশ্য মন্তব্য প্রকাশ্যে আসার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলো এই মন্তব্যকে পরিকল্পিতভাবে নির্বাচনী প্রক্রিয়া বানচালের একটি স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি।

এদিকে, নিরাপত্তা বিশ্লেষক ও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ এই মন্তব্যের প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, এই ধরনের বক্তব্য দেশে পরিকল্পিত সহিংসতা, অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টার একটি বৃহত্তর মাস্টারপ্ল্যানের অংশ হতে পারে। অনেকেই সদ্য হামলার শিকার হওয়া শরিফ ওসমান হাদিকে হত্যার চেষ্টাকেও এই বৃহত্তর নাশকতার লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত বলে মনে করছেন।

পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের আগমুহূর্তে এমন সংবেদনশীল মন্তব্য দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করবে এবং সামগ্রিক পরিস্থিতিকে আরও জটিল ও উত্তপ্ত করে তুলতে পারে।