ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাদি হত্যাচেষ্টা: আর্থিক যোগসূত্র খতিয়ে দেখছে এনবিআর; প্রধান সন্দেহভাজনের স্ত্রী-শ্যালকসহ আটক ৮

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার আর্থিক যোগসূত্র খতিয়ে দেখতে মাঠে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) এ বিষয়ে সিদ্ধান্ত নেয় এনবিআর-এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। ফয়সালের কোম্পানি অ্যাপল সফট আইটি লিমিটেড এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টও একই সঙ্গে ফ্রিজ করা হয়েছে।

এ হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয় রবিবার দিবাগত রাতে রাজধানীর পল্টন থানায়। হাদির এক আত্মীয় এই মামলার বাদী হয়েছেন এবং পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া তদন্তভার পেয়েছেন।

এই ঘটনায় সোমবার (১৫ ডিসেম্বর) সকালে আরও দুজনকে আটকের পর মোট সন্দেহভাজন ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে আটজনে। আটকদের মধ্যে গুলি চালানোর জন্য ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, দুজন মানব পাচার চক্রের সদস্য এবং প্রধান অভিযুক্ত ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপুসহ তার এক নারী সহযোগী রয়েছেন।

তাদের আটকের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার মূল নেটওয়ার্কটি ভাঙতে শুরু করেছে বলে জানা গেছে। ফয়সাল ও তার সহযোগী আলমগীর হোসেনের পালিয়ে যাওয়ার ঘটনায় এই চক্রের সদস্যরা সহায়তা করেছিল।

গুরুতর আহত অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়।

গত শুক্রবার (১২ ডিসেম্বর, ২০২৫) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে এই হামলা ঘটে। চলন্ত রিকশায় থাকা হাদির মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা দুই আততায়ী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।