মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জাতি মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ তারিখে গভীর শ্রদ্ধার সাথে মহান বিজয় দিবস উদযাপন শুরু করেছে। সকালে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে দেশের পক্ষে প্রথম শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর তিনি সেখানে উপস্থিত থাকা উপদেষ্টা পরিষদের সদস্য, সামরিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের শ্রদ্ধা নিবেদনের সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্মিলিত চৌকস দল সামরিক কায়দায় অভিবাদন প্রদান করে; একইসঙ্গে বিউগলে বেজে ওঠে করুণ সুর। এর কিছু সময় পর জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী বীর সেনানীদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন রাষ্ট্রপ্রধান।
রাষ্ট্রপতির পুষ্পস্তবক অর্পণকালে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়, এবং বিউগলের করুন সুরের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পরবর্তীতে উপদেষ্টা পরিষদের সদস্য, উর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের স্বজনদের সাথে কুশলাদি বিনিময় করেন।
বিজয় দিবসের সূচনা লগ্নে রাজধানী ঢাকার তেজগাঁও পুরাতন বিমান বন্দর এবং কক্সবাজারে একইসাথে ৩১ বার তোপধ্বনি প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী, যা মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান জানানোর অংশ।