ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে ওসমান হাদির শারীরিক অবস্থায় ইতিবাচক মোড়, হৃদযন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তার শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দন স্বাভাবিক রয়েছে বলে পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের বরাতে হাদির বড় ভাই ওমর ফারুক জানান, হাসপাতালের আইসিইউতে নেওয়ার পর হাদি চিকিৎসায় সাড়া দিতে শুরু করেছেন। বিশেষ করে তার হৃদপিণ্ডের কার্যক্ষমতা আগের তুলনায় বেড়েছে।

এর আগে সিঙ্গাপুরে পৌঁছানোর পর বিমানে শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট অস্বাভাবিক বেড়ে গেলে হাদির শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। বিমানবন্দর থেকে জরুরি ভিত্তিতে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিশেষায়িত আইসিইউতে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, ওসমান হাদির অবস্থা বর্তমানে স্থিতিশীল। গত রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় সব স্বাস্থ্যগত পরীক্ষা সোমবার রাতেই সম্পন্ন করেছেন বিশেষজ্ঞরা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক সংকটাপন্ন অবস্থা কাটিয়ে হাদি এখন চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন। তার পরবর্তী চিকিৎসার বিষয়ে চিকিৎসকরা পর্যবেক্ষণের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।