ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ সন্ধ্যায় দেশে ফিরছে হাদির মরদেহ, কাল মানিক মিয়া এভিনিউতে জানাজা

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাতবরণকারী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দেশে পৌঁছাবে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে করে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে তার কফিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার সকাল ১০টায় সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে তার প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। এরপর স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে বিমানটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। দেশে ফেরার পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ হিমাগারে রাখা হতে পারে।

বাংলাদেশে তার জানাজার বিষয়ে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষকে শরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে।

ওসমান হাদির মৃত্যুতে ইতোমধ্যে সরকার শনিবার (২০ ডিসেম্বর) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ওই দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। আজ শুক্রবারও বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারের সময় মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন হাদি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে এক সপ্তাহ লড়াই শেষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি মারা যান। তার অকাল প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক অঙ্গনসহ পুরো দেশ।