ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাত পেরিয়ে সকালেও উত্তাল শাহবাগ, হাদি হত্যার বিচারে অনড় ছাত্র-জনতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানী শাহবাগে শুরু হওয়া বিক্ষোভ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালেও অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাতভর অবস্থানের পর আজ সকালেও কয়েক হাজার ছাত্র-জনতাকে শাহবাগ মোড়ে অবস্থান নিতে দেখা গেছে।

সকাল থেকেই শাহবাগে বিভিন্ন পেশার মানুষ আন্দোলনে সংহতি জানিয়ে যোগ দিচ্ছেন। আন্দোলনকারীরা শুক্রবার ভোর ৭টার দিকে শাহবাগ মোড়ে মাইকে আজান দিয়ে সম্মিলিতভাবে ফজরের নামাজ আদায় করেন। তাদের দাবি—হাদি হত্যার নেপথ্যে থাকা কুশীলবদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

গত ১২ ডিসেম্বর বিজয়নগরে মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই অকাল মৃত্যুতে দেশজুড়ে শোক ও ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। বৃহস্পতিবার রাত থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের বিপুল সংখ্যক শিক্ষার্থী ডাকসুর নেতৃত্বে মিছিলে মিছিলে শাহবাগকে উত্তাল করে তোলেন।

বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম এবং ছাত্রশক্তির নেতারা সংহতি প্রকাশ করেছেন। বক্তারা এই হত্যাকাণ্ডকে জুলাই বিপ্লবের চেতনা নস্যাতের গভীর ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন।

বিক্ষোভের জেরে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। হাদির গ্রামের বাড়িতেও শোকাতুর সাধারণ মানুষ সড়ক অবরোধ করে বিচার দাবি করছেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, শহীদ হাদির লাশ দেশে আসার আগেই তারা বিচারের একটি স্পষ্ট রোডম্যাপ চান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শাহবাগ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।