ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাদিশূন্য নলছিটির বসতভিটায় মানুষের ঢল, বাবার পাশে কবরের শেষ ইচ্ছা

ঘাতকের গুলিতে না ফেরার দেশে চলে যাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জন্মভিটা ঝালকাঠির নলছিটিতে এখন শোকের নিস্তব্ধতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায় হাদির গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। যে ঘরে হাদির জন্ম ও বেড়ে ওঠা, সেই টিনশেড ঘরটি আজ প্রিয় মানুষের অপেক্ষায় প্রহর গুনছে, তবে তিনি ফিরছেন নিথর দেহে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে মাওলানা আবদুল হাদি ও তাসলিমা হাদির ঘরে জন্ম নেওয়া ছয় সন্তানের মধ্যে হাদি ছিলেন সবার ছোট। শৈশব থেকেই অত্যন্ত মেধাবী ও প্রতিবাদী হাদি নেছারাবাদ মাদ্রাসা থেকে দাখিল ও আলিম শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ২৪-এর গণ-অভ্যুত্থানে তার সাহসী ভূমিকা তাকে সাধারণ শিক্ষার্থীদের কাছে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছিল।

সকাল থেকেই হাদির ভাঙাচোরা ঘরের সামনে ভিড় করছেন চেনা-অচেনা হাজারো মানুষ। হাদির বড় বোনসহ স্বজনদের বিলাপ আর কান্নায় ভারী হয়ে উঠেছে নলছিটির বাতাস। কেবল ঝালকাঠিই নয়, মাতম চলছে হাদির শ্বশুরবাড়ি বরিশালের বাবুগঞ্জেও। শোকাতুর গ্রামবাসী ও শুভাকাঙ্ক্ষীরা এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং খুনি ফয়সালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।

হাদির শেষ ইচ্ছা ছিল তাকে যেন তার বাবার কবরের পাশে সমাহিত করা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দাফনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে, তবে হাদির অন্তিম ইচ্ছা অনুযায়ী তাকে নলছিটিতে বাবার পাশেই শায়িত করার জোরালো সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে এক সপ্তাহ লড়াই শেষে বৃহস্পতিবার রাতে শাহাদাতবরণ করেন এই তরুণ নেতা। আজ সন্ধ্যায় তার মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছানোর কথা রয়েছে।