ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভে ফেটে পড়েছে সারা দেশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ জেলাগুলোতে জনসমুদ্র তৈরি হয়।
বিক্ষোভকারীরা শরিফ ওসমান হাদিকে ‘জাতীয় শহীদ’ হিসেবে অভিহিত করে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত করার দাবি তুলেছেন। তারা সাফ জানিয়ে দিয়েছেন, হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় ছাড়বেন না।
এর আগে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাদি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই শাহবাগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শুরু হয়।
রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় খেলাফত ছাত্র মজলিসের ব্যানারে বিশাল মিছিল বের করা হয়। এসময় ‘আমার সোনার বাংলায় খুনি লীগের ঠাঁই নাই’ ও ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’ স্লোগানে প্রকম্পিত হয় এলাকা।
বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে রাজধানীর বাইরেও। নড়াইলে হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। জয়পুরহাট ও কিশোরগঞ্জে শত শত মানুষের অংশগ্রহণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরের শ্রীপুর ও চান্দনা চৌরাস্তায় মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতা বিক্ষোভ প্রদর্শন করে। ফেনীর মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দীর্ঘক্ষণ অবরোধ করে রাখায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলাম ও বিপ্লবী ছাত্র-জনতা পৃথক মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে। এছাড়া লক্ষ্মীপুর ও মানিকগঞ্জে গায়েবি জানাজা ও কফিন মিছিলের মাধ্যমে ওসমান হাদির প্রতি শ্রদ্ধা ও বিচারের দাবি জানানো হয়।
পটুয়াখালীর কুয়াকাটায় স্টুডেন্ট অ্যালায়েন্সের ব্যানারে বিক্ষোভ সমাবেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড এবং এর বিচার বাংলার মাটিতেই হতে হবে।