সাম্প্রতিক সময়ে পত্রিকা অফিসে হামলাকে পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ একে আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা হিসেবে অভিহিত করেছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই ধরনের সহিংসতা চালিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নসাৎ করা সম্ভব হবে না। ষড়যন্ত্রকারীরা ভিন্ন পথে ফায়দা লোটার চেষ্টা করছে।
সালাহউদ্দিন আহমদ মনে করেন, যেসব এলাকা আগে থেকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ছিল, সেখানে নিরাপত্তার ঘাটতি ছিল। সেখানে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের জরুরি দায়িত্ব ছিল বলে তিনি উল্লেখ করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি জানান, সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় চলছে। সরকার তার নিরাপত্তা ও আইনি বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে।
আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। রাজধানীর ৩০০ ফিট এলাকায় তাকে বিশাল সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করেছেন যে, কোনো অশুভ শক্তিই জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার লড়াইকে দমাতে পারবে না। বিএনপি রাজপথে থেকেই সব ষড়যন্ত্র মোকাবিলা করবে।