জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শেষ ইচ্ছানুযায়ী তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাদির মরদেহ বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে মরদেহ হিমাগারে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে মরদেহ এখন সরাসরি জনসমক্ষে আনা হচ্ছে না।
শনিবার (২০ ডিসেম্বর) জোহরের নামাজের পর জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধিস্থলে চিরনিদ্রায় শায়িত করা হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর জখম হন হাদি। ঢাকা ও সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দীর্ঘ লড়াই শেষে বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে নেতাকর্মীদের শান্ত ও সুশৃঙ্খল থাকার আহ্বান জানানো হয়েছে। কোনো প্রকার অনুপ্রবেশকারী যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে ছাত্রজনতাকে।