আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১৯টি সংসদীয় আসনে ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে নবগঠিত রাজনৈতিক জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এই তালিকা প্রকাশ করেন।
জাতীয় পার্টি (একাংশ) ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জেপির সমন্বয়ে গঠিত এই জোটে আনিসুল ইসলাম মাহমুদ ও কাজী ফিরোজ রশিদের মতো হেভিওয়েট প্রার্থীরাও রয়েছেন।
ঘোষিত তালিকায় দেখা গেছে, চট্টগ্রাম-৫ আসনে লড়বেন আনিসুল ইসলাম মাহমুদ এবং পিরোজপুর-২ আসনে আনোয়ার হোসেন মঞ্জু।
এছাড়া এ বি এম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ এবং অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ ঢাকা-১০ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রার্থী তালিকায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মিলন, নুরুল ইসলাম ওমর ও ইয়াহ ইয়া চৌধুরীর মতো অভিজ্ঞ নেতাদেরও স্থান দেওয়া হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, ঢাকা-১০ ও বরিশাল-৬ সহ মোট ১১টি আসনে জোট থেকে একাধিক প্রার্থী মনোনীত করা হয়েছে, যা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
সংবাদ সম্মেলনে ফ্রন্টের মুখপাত্র রুহুল আমিন হাওলাদার দেশের চলমান ‘মব সন্ত্রাস’ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
তিনি অভিযোগ করেন, সাংবাদিক নুরুল কবিরের নাজেহাল থেকে শুরু করে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা দেশটিকে অনিরাপদ ও অগ্নিগর্ভ করে তুলেছে।
এই চরম অস্থিরতার মধ্যে সরকার কীভাবে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে, তা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেন জোটের শীর্ষ নেতারা।