ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন ১২ ফেব্রুয়ারিই: যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সরকার প্রস্তুত বলে জানালেন প্রধান উপদেষ্টা

আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এই বার্তা দেন।

ড. ইউনূস স্পষ্টভাবে জানান, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকেরা নির্বাচন পণ্ড করতে বিপুল অর্থ ব্যয় ও সহিংসতা উস্কে দিলেও সরকার তা মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।

প্রায় আধঘণ্টার এই ফোনালাপে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মার্কিন দূত বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনার সফল আলোচনার জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান।

প্রফেসর ইউনূস বলেন, দীর্ঘ সময় ভোটাধিকার বঞ্চিত থাকার পর বাংলাদেশের মানুষ এখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

নির্বাচনের আর মাত্র ৫০ দিন বাকি উল্লেখ করে তিনি বলেন, এবারের ভোট যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে, সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।

ফোনালাপের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।