আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
বুধবার (২৪ ডিসেম্বর) তার মনোনয়নপত্র সংগ্রহের কথা রয়েছে। মঙ্গলবার রাতে দলীয় মনোনয়ন না পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি এই সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেন।
নির্বাচনী সমীকরণ অনুযায়ী, বিএনপি ওই আসনটি তাদের রাজনৈতিক মিত্র জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দিয়েছে। ফলে সেখানে জোটের একক প্রার্থী হিসেবে লড়বেন মাওলানা জুনায়েদ আল হাবিব।
মনোনয়ন বঞ্চিত হওয়ার প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা জানান, একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির নিজস্ব হিসাব-নিকাশ ও কৌশল থাকতে পারে। তবে এলাকার মানুষের ভালোবাসা ও দীর্ঘদিনের ত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে তিনি পিছু হটবেন না।
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করায় কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, দল চাইলে ব্যবস্থা নিতে পারে, তবে জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি নির্বাচনে লড়বেন।
ব্রাহ্মণবাড়িয়ার এই গুরুত্বপূর্ণ আসনে রুমিন ফারহানার স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করেছে। তৃণমূলের একটি বড় অংশ তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।