ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই আদেশ প্রদান করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিচারক এই সিদ্ধান্ত নেন।
আদালত সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামির স্বার্থ সংশ্লিষ্ট এই ব্যাংক হিসাবগুলোর লেনদেন স্থগিত করার জন্য আবেদন করেছিলেন। পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২২ ডিসেম্বর) ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন আদালত। প্রধান আসামিকে গ্রেপ্তারে চলমান অভিযানের অংশ হিসেবে তার আর্থিক পথগুলো বন্ধ করার এই পদক্ষেপ নেওয়া হলো।
শরিফ ওসমান হাদি গত ১৪ ডিসেম্বর গুলিতে গুরুতর আহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে আসামির বাবা-মা দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
মামলার অন্য আসামিরা বর্তমানে রিমান্ডে রয়েছেন। পুলিশ জানিয়েছে, প্রধান আসামি ফয়সালকে গ্রেপ্তারের পাশাপাশি হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা অর্থায়ন ও অন্যান্য সহযোগীদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।