ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে লড়তে শনিবার পদত্যাগ করছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

আগামী শনিবার (২৭ ডিসেম্বর) অ্যাটর্নি জেনারেলের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে যাচ্ছেন মো. আসাদুজ্জামান। বুধবার (২৪ ডিসেম্বর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মূলত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যেই তিনি এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে ২০ ডিসেম্বর তিনি ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন।

নির্বাচনী এলাকা শৈলকূপায় আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান জানান, তিনি এলাকার উন্নয়ন এবং সন্ত্রাসমুক্ত জনপদ গড়ার লক্ষ্যে সংসদ সদস্য হতে আগ্রহী। পদত্যাগপত্র জমা দেওয়ার পরপরই তিনি আসন্ন নির্বাচনের জন্য তার মনোনয়নপত্র দাখিল করবেন।

উল্লেখ্য, আইনি অঙ্গনের এই শীর্ষ কর্মকর্তা সরাসরি দলীয় প্রতীকে নির্বাচনে আসার ঘোষণা দেওয়ায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। শনিবার দায়িত্ব ছাড়ার পর তিনি পূর্ণাঙ্গভাবে নির্বাচনী প্রচারণায় নামবেন বলে জানা গেছে।