ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় মাগরিবের নামাজ চলাকালে মসজিদে বোমা বিস্ফোরণ, ৭ মুসল্লি নিহত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে একটি মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন মুসল্লি প্রাণ হারিয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় মাইদুগুরির গামবোরু বাজার এলাকার একটি মসজিদে মাগরিবের নামাজ চলাকালে এই নৃশংস হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুসল্লিরা যখন প্রার্থনায় মগ্ন ছিলেন, ঠিক তখনই মসজিদের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন প্রাণ হারান।

বিস্ফোরণে আরও অনেকে গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হামলার প্রকৃত ধরন নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। স্থানীয় একটি জিহাদবিরোধী মিলিশিয়া বাহিনীর নেতার মতে, মসজিদের ভেতরে আগে থেকেই বোমা রাখা ছিল। তবে অনেক প্রত্যক্ষদর্শী এটিকে আত্মঘাতী হামলা বলে ধারণা করছেন।

নাইজেরিয়ান পুলিশ কর্তৃপক্ষ বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছে। বর্তমানে পুলিশের একটি বিশেষ বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে আলামত সংগ্রহ ও তদন্ত কাজ পরিচালনা করছে।

এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে মাইদুগুরি শহরটি দীর্ঘদিন ধরে বোকো হারাম ও আইএসডব্লিউএপি (ISWAP) এর সহিংসতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত।

সাম্প্রতিক বছরগুলোতে মাইদুগুরিতে বড় ধরনের হামলা কিছুটা কমলেও এই বিস্ফোরণ ফের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সরকারিভাবে এখনো নিহতের চূড়ান্ত সংখ্যা ঘোষণা করা হয়নি। তবে স্থানীয় সূত্রগুলো নিহতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছে যে, এলাকাটিতে জনসাধারণের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।