ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার কবর জিয়ারত শেষে সাভার স্মৃতিসৌধের পথে তারেক রহমান: মহাসড়কে নেতাকর্মীদের ঢল

দীর্ঘ ১৯ বছর পর রাজধানীর শেরেবাংলা নগরে বাবা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে গুলশানের বাসভবন থেকে সরাসরি জিয়ার মাজারে পৌঁছে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এর আগে সর্বশেষ ২০০৬ সালের ১ সেপ্টেম্বর দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এখানে শ্রদ্ধা জানিয়েছিলেন।

মাজার জিয়ারত শেষে তারেক রহমান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা করেন। লাল-সবুজ রঙের একটি বুলেট প্রুফ বাসে চড়ে তিনি ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে সাভারের দিকে যাচ্ছেন। তাঁর এই কর্মসূচিকে কেন্দ্র করে সাভার এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে এবং স্থানীয় বিএনপির পক্ষ থেকে স্মৃতিসৌধ এলাকায় প্রায় ৫০ হাজার মানুষের গণজমায়েতের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে জিয়া উদ্যান, সাভার স্মৃতিসৌধ এবং ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, র‍্যাব ও বিজিবির বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকেও তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাভার গণপূর্ত বিভাগ জানিয়েছে, তাঁর আগমনে স্মৃতিসৌধ এলাকায় প্রয়োজনীয় সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন তারেক রহমান। বিমানবন্দরে ঐতিহাসিক সংবর্ধনা ও ৩০০ ফিটের বিশাল জনসভায় বক্তব্য দেওয়ার পর আজ দ্বিতীয় দিনে তিনি জাতীয় ও দলীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাঁর কর্মসূচি শুরু করলেন।