রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থিত খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর জানিয়েছে, বিকেল সাড়ে ৫টার দিকে মার্কেটটির ছাদের ওপর অবস্থিত একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই ৫টা ৩৩ মিনিটে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বিবেচনায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ৯টি করা হয়। প্রায় দেড় ঘণ্টার টানা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন কর্মীরা।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ছাদের ওপর গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছিল। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পুরো শপিং কমপ্লেক্সটি। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে বলে জানা গেছে।