ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা: প্রাণ গেল মা ও ৮ মাসের শিশুর

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও তার আট মাস বয়সী কন্যাসন্তান নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় মির্জাপুরের গোড়াই এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারকে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফেনীর সোনাগাজী উপজেলার জিসান কবীর পিপুর স্ত্রী সাদিয়া কবীর (৩২) এবং তাদের আট মাসের শিশু কন্যা তাজরি কবীর প্রিয়ম। তারা রাজধানীর মিরপুর শাহআলী থানা এলাকায় বসবাস করতেন।

গোড়াই হাইওয়ে থানা পুলিশ জানায়, পরিবারটি উত্তরবঙ্গ থেকে প্রাইভেটকারে করে ঢাকার দিকে ফিরছিল। মির্জাপুরের গোড়াই এলাকায় পৌঁছালে গাড়িটি রাস্তার পাশে দাঁড় করানো হয়। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।